ফার্মাসিউটিক্যালস জায়ান্ট আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের সম্মিলিত প্রয়াসে তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এমনটি জানিয়েছেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি এটি জানাতে পেরে খুব আনন্দিত হচ্ছি যে অক্সফোর্ড আস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটি যুক্তরাজ্যেই তৈরি হয়েছে সেটি অনুমোদন পাওয়ার জন্য আবেদন করেছে।
চলতি মাসের শুরুর দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দেয়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য সরকার।
ইত্তেফাক/এআর