৬৮ বছর ধরে ইত্তেফাকের পাঠক নওগাঁর আফজাল হোসেন

দীর্ঘ ৬৭ বছর ধরে নিয়মিত ইত্তেফাক পাঠের মধ্যদিয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন নওগাঁর ধামইরহাট পৌরসভার নাগরিক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। ৭৫ বছর অতিক্রম করলেও এখনো তিনি খালি চোখে নিয়মিত দৈনিক ইত্তেফাক পড়েন। আফজাল হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। আফজাল হোসেন ১৯৪৫ সালে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকযদু (কাশিয়াডাঙ্গা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত ফারাজ উদ্দিন মণ্ডল। আফজাল হোসেন নওগাঁর করনেশান হাই স্কুল (বর্তমানে নওগাঁ জেলা হাই স্কুল) থেকে ১৯৬৩ সালে এস. এস. সি, নওগাঁর বি এম সি কলেজ থেকে ১৯৬৫ সালে আই.এস.সি এবং নওগাঁ ডিগ্রী কলেজ থেকে ১৯৬৯ সালে বি. এস সি পাশ করেন। কিন্তু এলাকার মানুষের সেবা করার কথা চিন্তা করে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্যে ছুটে যান মুক্তিযুদ্ধে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, বর্তমানে দেশে অনেক সংবাদপত্র বের হলেও এখনো তার প্রিয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। একদিন দৈনিক ইত্তেফাক হাতে না পেলে দিনের সবকিছুই অপূর্ণ থেকে যায় তার। তাইতো ৬৮ বছর ধরেই তাঁর জীবনের সাথী ইত্তেফাক নামের সংবাদপত্রটি। এখনো খালি চোখে পত্রিকা পড়তে পারেন বলে মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাক অনন্য অবদান রাখায় প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ইত্তেফাক/এমআর