দৌলতপুরে ট্রাকের চাকায় প্রাণ গেলো চালকল শ্রমিকের

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (৪২) নামে এক চালকল শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কাজে যাবার পথে আল্লারদর্গা পশুহাট সংলগ্ন হিসনা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

হানিফ উপজেলার লক্ষীখোলা গ্রামের বজলু মণ্ডলের ছেলে এবং আল্লারদর্গাস্থ বায়েজিদ রাইস মিলের শ্রমিক।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক জুয়েল (৩৬) কে আটক করেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু হানিফ প্রতিদিনের মত বাইসাইকেল যোগে কাজে যাবার পথে ঐ ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে (ঢাকা মেট্রো-ট-১৪-০৪৫৬) ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই হানিফ মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।

দৌলতপুর থানার ওসি তদন্ত শাহাদত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটক ট্রাক চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর