সিরাজগঞ্জে চালের দাম বেড়েই চলেছে। চাল ভেদে প্রতি বস্তা (৫০ কেজি) চারশ থেকে পাঁচশ টাকা এবং একশ কেজির বস্তায় এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সরেজমিন চালের পাইকারি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, সিরাজগঞ্জে চালের আড়তগুলোতে পর্যাপ্ত চাল মজুদ আছে। এমন অবস্থায় সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বিপাকে নি¤œ আয়ের মানুষ।
সরেজমিন, খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম স্বর্ণা-৫ ৪৫ টাকা, ব্রি ২৯ জাতের চাল ৫০-৫২ টাকা, ব্রি ২৮ ৫৪ টাকা এবং কাটারিভোগ ৬২ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন ধান বাজারে এলেও অব্যাহতভাবে চালের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
রিকশা চালক আব্দুল করিম জানান, সারাদিনের রোজগার চাল কিনতেই শেষ। হাটে-বাজরে প্রতি কেজি চাল ৪৫ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। মাটিকাটা শ্রমিক আহাদ আলী জানান, চালের দাম এতো বাড়ছে যে সংসার চালানো কঠিন হয়ে পরেছে।
এব্যপারে মিলার আব্দুস সালাম জানান, প্রতি মণ ধান বারোশ থেকে সাড়ে বারোশ টাকায় কিনে চাল উৎপাদন করতে কেজিতে ৪৫/ ৪৬ টাকা খরচ পড়ছে।
চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান আমরা মহাজনদের কাছে বেশি দামে কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করতে হয়। ধানের দাম কমলে চালের দামও কমবে ।
ইত্তেফাক/এসি