বিষাক্ত পটকা মাছ খেয়ে শাশুড়ি পুত্রবধূর মৃত্যু!

জেলার শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে ছেলের বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারে দাবি, বিষাক্ত মাছ খেয়ে নাঈম (৮) নামের এক শিশুও গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। 

নিহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুন নাহার (২৫)।

ওই পরিবার জানায়, গত বুধবার সকালে শাহিদা বেগম এক মাছ বিক্রেতার কাছ থেকে এই বিষাক্ত পটকা মাছ কেনেন। পরে দুপুরের খাবারে নাতি, পুত্রবধূসহ রান্না করা ওই মাছ খান। সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় পল্লী চিকিৎসক দেখানো হয়। এক পর্যায়ে নিজ বাড়িতে শাশুড়ি ও বউমার মৃত্যু হয়। এরপর শিশুপুত্র নাঈমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবারের অন্য দুই সদস্য বাড়িতে ছিলেন না। 

আরো পড়ুন: আল্লামা শফির মৃত্যু নিয়ে সরকার নয়, মামলা করেছেন সংক্ষুব্ধরা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে পটকা মাছ খাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/এসি