এলপিজি কনভার্শন ব্যবসায়ে ভ্যাট ফাঁকির অভিযোগ

ভ্যাট নিবন্ধন ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে এলপিজি কনভার্শনের ব্যবসা পরিচালনা করায় ভ্যাট গোয়েন্দা দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান দুইটি হলো—জেন এয়ার টেকনোলোজি ও জেন এয়ার (বিডি) লিমিটেড। একজন সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে গত বুধবার অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনই নেই।

সূত্র জানায়, গত সেপ্টেম্বর থেকে ভ্যাটের আওতাবহির্ভূত থেকে এবং গোপনে তারা এই ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠানটির মোহাম্মদপুরের ঠিকানায় গত চার মাসে প্রায় ১ কোটি টাকার বিক্রয় তথ্য উদ্ধার হয়েছে। এই সেবার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে জব্দকৃত ভ্যাট সংক্রান্ত দলিলাদি আরো যাচাই-বাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।