রায়হান-জুয়েলের ঝলকে আবাহনীর জয়

গোল হজমের আগে সুযোগ বেশি পেয়েছিল মোহামেডান। কিন্তু কাজে লাগাতে না পারার দোষ তাদেরই। আবাহনীর গোল মুখে গিয়ে মোহামেডানের আক্রমণ ভাগ নিশানা খুঁজে না পাওয়ার ব্যর্থতা বারবার চোখে পড়েছে। আবাহনীর মতো শক্তিশালী দলের বিপক্ষে ছোট একটা সুযোগই যথেষ্ট। বল গেছে ক্রসবারের ওপর দিয়ে। গোলকিপার সুলতান আহমেদ শাকিলের হাতে। মোহামেডানের আক্রমণ ভাগের এমন দুরবস্থা বুঝে গিয়েছিলেন আবাহনীর আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। বুঝে শুনে ওপরে উঠে গিয়েছেন। আবাহনীর ডিফেন্ডার রায়হান দুই প্রান্ত হতে লম্বা থ্রো করে বল ফেলেছেন মোহামেডানের বক্সে। সাদা-কালো ডিফেন্ডাররা রায়নাকে যেন বিনা বাধায় সুযোগ করে দিয়েছেন। বারবার বল ঢুকছিল। দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে মাসিহ সাইঘানি ও জুয়েল রানার গোলে আবাহনী প্রথমার্ধেই ২-০-তে এগিয়ে যায়।

শীতের রাত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হালকা কুয়াশা। এখনো ফুটবলে এমন কিছু দর্শক আছেন যারা মনের টানে মাঠে আসেন। শীতে দুই হাত বুকে ভাঁজ করে খেলা উপভোগ করলেন। শ্রদ্ধা জানাতে প্রয়াত বাদল রায়ের বড় বড় ছবি ফ্রেমে বাঁধিয়ে মোহামেডান গ্যালারিতে দেখা গেছে।

মোহামেডানে গত আসরে খেলেছিলেন সুলায়মান দিয়াবাতে। মালির এই ফুটবলার এবার মোহামেডানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। আক্রমণ ভাগে দুর্দান্ত হলেও তাকে সহযোগিতা করার মতো সমান মানের ফুটবলার নেই। কামরুল, সোহাগ, শ্যামল, বাপ্পী, জাফর ইকবাল, ইভান, শাহেদ, নাইজেরিয়ান নুরাত, বারকিনো ফাসোর কুলিদিয়াতি, অধিনায়ক জাপানি উরু নাগাতারা পেরে উঠছিলেন না।

আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ, হাইতির বেলফোর্টের সঙ্গে ডিফেন্ডার মাসিহ সাইঘানি যোগ দেন। অধিনায়ক স্ট্রাইকার নাবীভ নেওয়াজ জীবনকে প্রয়োজন হলো না। ঐ তিন জনের সঙ্গে উইংয়ে জ্বলে ওঠা ডিফেন্ডার রায়হান, অন্য পাশে জুয়েল রানা। তাতেই মোহামেডানের রক্ষণ চিড়ে-চ্যাপ্টা। ৪১ মিনিটে রায়হানের লম্বা থ্রো মাসিহ সাইঘানির উত্স হতে গোল হয় ১-০। ৪৫ মিনিটে জুয়েল রানা, জীবনের পা হয়ে আসা বলে দৃষ্টিনন্দন ব্যাকভলি জুয়েলের মাথা ছুঁয়ে মোহামেডানের জালে ঢোকে ২-০। অসহায় মোহামেডানের জালে ৫২ মিনিটে রায়হানের লম্বা থ্রো, জটলায় জুয়েল দ্বিতীয় গোল করেন ৩-০।

দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় পুলিশকে। গোল করেছেন তাজিক ফুটবলার সিয়োভস আজররভ। ম্যাচ সেরা পুরস্কারও পেয়েছেন এই ফুটবলার।

আজকের খেলা :

রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী।

সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।