আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় দফার ৬৪টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩৫২টি দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। অর্থাত্ এই ধাপেও প্রতিটি পৌরসভায় গড়ে পাঁচ জনের অধিক দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। আগামীকাল শনিবার বিকাল ৪টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় একক প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত রবিবার থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু হয়। চলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।
প্রথম ধাপের ২৫টি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র কিনেছিলেন ১০৬ জন। দ্বিতীয় ধাপে এসে মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির শর্ত শিথিল করায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা কিছুটা বেড়েছিল। ৬১ পৌরসভায় তখন মোট ৩১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল দলটি। এর মধ্যে তৃণমূলের তালিকার বাইরে ‘দায়িত্বপ্রাপ্ত’ কেন্দ্রীয় নেতাদের সুপারিশে প্রায় অর্ধশতাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। অর্থাত্ দ্বিতীয় ধাপেও প্রতিটি পৌরসভায় গড়ে আওয়ামী লীগের পাঁচ জনের অধিক দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিল।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, তৃতীয় দফার ৬৪ পৌরসভায় মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি। এর আগে প্রথম ধাপের তপশিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ হবে।