সরকারি প্রতিষ্ঠানের লক্ষ্য ব্যবসা বা মুনাফা অর্জন নয়। যেসব জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে না, সেখানে সেবা পৌঁছে দেওয়া সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব। পাশাপাশি নেটওয়ার্ক গড়ে তুলে পিছিয়ে পড়া মানুষকে প্রযুক্তিসুবিধার মধ্যে আনার কাজটিও করছে সরকারি প্রতিষ্ঠানগুলো। টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের উদ্যোগে এই কর্মশালায় মন্ত্রী বলেন, ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় মন্ত্রী আরো বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবা পৌঁছে দেওয়া নগদের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, নগদের কারণে বাজারে অন্য অপারেটরগুলো প্রতিযোগিতায় আসতে বাধ্য হবে এবং কাউকে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করেই এখানে টিকে থাকতে হবে।
কর্মশালায় নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, বর্তমানে নগদে গ্রাহক সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে এবং শহর ও প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকসংখ্যা বাড়ছে। এমএফএসগুলোর মধ্যে ডিজিটাল কেওয়াইসির ব্যবহার দেশে প্রথম শুরু করেছে নগদ। ডিজিটাল কেওয়াইসি দিয়ে অ্যাকাউন্ট খুলতে লাগে মাত্র ১০ সেকেন্ড। কর্মশালায় নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম ভবিষ্যত্ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন। এ সময় টিআরএনবির সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপুসহ টিআরএনবি সদস্য ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।