আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দৈনিক ইত্তেফাক গোটা বাংলাদেশ জন্মের চেতনাকে ধারণ করে আছে নিরবচ্ছিন্নভাবে। ইত্তেফাক তার সেই অবস্থান থেকে কখনো সরে আসেনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেও ইত্তেফাক বাংলাদেশের সাংবাদিতা জগতে ব্যতিক্রমী উদাহরণ।
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপিকে ফোন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গণমানুষের মুখপাত্র দৈনিক ইত্তেফাক গতকাল ৬৮ বছরে পা রাখল। তিনি আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনকে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গতকাল ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপিকে ফোন করে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।