দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা এই নিয়ে ৭ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩২ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩৭৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৩১ জন রাজশাহী বিভাগের, ৫২০ জন খুলনা বিভাগের, ২৩৬ জন বরিশাল বিভাগের, ২৯০ জন সিলেট বিভাগের, ৩৩১ জন রংপুর বিভাগের এবং ১৬২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ২৩৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ১০২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৩৪৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২০টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৬৩টি ল্যাবে ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৯১ হাজার ৯৪২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৭১১টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ আর নারী ৪ জন। তাদের ১৭ জন হাসপাতালে এবং দুই জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের, এক জন খুলনা বিভাগ এবং তিন জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।