প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে একই পদে আরো দুই বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর সরকারি চাকরির সময়সীমা শেষ হতে যাওয়া এ কর্মকর্তা যোগদানের তারিখ বা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পিআরএল ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে তাকে ৩১ ডিসেম্বর থেকে অবসর উত্তর ছুটি মঞ্জুর করে জনপ্রশাসন মন্ত্রণালয় আরেকটি আদেশ জারি করেছিল।
২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে বদলি করে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুত্ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি একই বিভাগে ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।
এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে ভূমি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হককে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ বিভাগের রামানন্দ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), মোস্তফা কামালকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে পদোন্নতি দিয়ে নিয়োগ করা হয়েছে। একই আদেশে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে বিমানের এমডি মোকাব্বির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে সংশোধিত আদেশে রেলপথ মন্ত্রণালয়ের পদে কারো নাম না রেখে একটি আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়। জানা যায়, এই মন্ত্রণালয়ে বিপিসির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক নিয়োগ পেতে পারেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত, এর আগে চার বছর তিনি গোপালগঞ্জের জেলা প্রশাসক ছিলেন। তিনি যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। তিনি ১১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। আগামী বছর এই ব্যাচের কর্মকর্তারা সচিব হবেন।