মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিকে এসে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। রবিবার বাগদাদস্থ মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনায় ট্রাম্প সরাসরি ইরানকে দায়ী করেন। তিনি ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো মার্কিন নাগরিকের মৃত্যু হলে সামরিকভাবে তার জবাব দেওয়া হবে। খবর আলজাজিরার।
গত রবিবার বাগদাদের গ্রিন জোনস্থ মার্কিন দূতাবাসে কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটে। ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এ ঘটনায় একজন ইরাকি কর্মকর্তা আহত এবং একটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, বাগদাদে আমাদের দূতাবাসে রকেট হামলা হয়েছে। হামলায় কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি হয়নি। আমরা শুনেছি এ ধরনের আরো হামলা মার্কিনিদের ওপর হবে। এতে যদি কোনো মার্কিনির মৃত্যু হয় তবে ইরানই সেজন্য দায়ী হবে।
প্রতিরক্ষা বিলে ভেটো ট্রাম্পের
চলতি মাসে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া ৭৪ হাজার কোটি ডলারের একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলটির কিছু অংশকে অসাংবিধানিক বলেছেন। বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা প্রত্যাহার সীমিত এবং বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে কনফেডারেট নেতার নাম মুছে ফেলার ধারাতে আপত্তি জানিয়েছেন। প্রেসিডেন্ট ভেটো ক্ষমতা প্রয়োগ করায় এখন আইনপ্রণেতারা চাইলে বিলে সংশোধনী আনতে কিংবা প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে নতুন ভোট আহ্বান করতে পারেন। ভেটো অকার্যকর করতে হলে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে।