‘ঝিনাইদহের একটি ওষুধ কোম্পানি বার্ড ফ্লু ভ্যাকসিন তৈরিতে সফল’

ঝিনাইদহের এফ এন এফ ফার্মাসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান বার্ড  ফ্লু ভ্যাকসিন তৈরিতে সফল হয়েছে। এ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মখলেসুল ইসলাম দাবি করেন, তারা বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু ভ্যাকসিন তৈরিতে সফল। প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়  দীর্ঘদিন গবেষণা করে এ ভ্যাকসিন তৈরি করা হয়েছে।

 এ ভ্যাকসিন ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে।  এ ভ্যাকসিনটির ৯৪ ভাগ বার্ড ফ্লু প্রতিরোধে সক্ষম বলে ব্যবস্থাপনা পরিচালক বলেন।  প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভাবে ভ্যাকসিন উত্পাদনে সক্ষম কি না, তা সরেজমিনে দেখার জন্য ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ১৮ ডিসেম্বর  কারখানাটি পরিদর্শনে আসেন।  তার সঙ্গে একদল বিশেষজ্ঞ ছিলেন।

 এফ এন এফ ফার্মাসিউটিক্যালস বছরে ২৫ কোটি ডোজ বার্ড ফ্লু ভ্যাকসিন তৈরিতে সক্ষম বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মখলেসুল ইসলাম। ঔষধ প্রশাসনের ছাড়পত্র পাওয়ার পর ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে।