কয়েক মাসের আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এখন ব্রিটেন ও ইইউ সদস্য রাষ্ট্রসমূহের পার্লামেন্টে এটি পাশ হতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, চুক্তি সম্পন্ন। খবর ডয়চেভেলের
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এটি দুই পক্ষের জন্যই স্বাক্ষরিত সবচেয়ে বড় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। ২০১৯ সালে এই অঞ্চলে বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪৭ বিলিয়ন ইউরো। ২০১৬ সালে এক গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ব্রেক্সিট-পরবর্তী সময়ে ইইউ-ব্রিটেনের মধ্যে কীভাবে বাণিজ্য চলবে, তা নিয়ে একটি চুক্তির আলোচনা চলছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি সই না হলে দুই ব্লকের মধ্যে ব্যবসা-বাণিজ্যে নানা সমস্যা দেখা দিত।
চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে গত কয়েক দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লাইয়েন নিজেদের মধ্যে বেশ কয়েক বার কথা বলেছেন। বুধবার রাত থেকেই চুক্তিতে সম্মত হওয়ার কথা শোনা যাচ্ছিল। তার পরও সারা রাত আলোচনা চলে। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই চুক্তির খবর আশা করা হচ্ছিল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রেক্সিটের পর মাছ ধরার কোটা ব্যবস্থা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য ছিল। সে কারণে চুক্তিতে পৌঁছাতে এত সময় লেগেছে।