সংস্কৃতিজন, নাট্যকর্মীদের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভিজে বিদায় নিলেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা মান্নান হীরা। চিরঘুমে শায়িত হলেন জন্মস্থান সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে। তাকে স্মরণ করে নাট্য ব্যক্তিত্বরা বলেন, মান্নান হীরা ছিলেন নাটকে নিবেদিতপ্রাণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সকালে মান্নান হীরার মরদেহ নিয়ে আসা হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
শ্রদ্ধা জানাতে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেলেন। এসময় মান্নান হীরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, নাট্যাভিনেতা সালাউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, নাট্যকার মাসুম রেজা, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, ডিরেক্টরস গিল্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আরণ্যক নাট্যদল, টেলিভিশন নাট্যকার সংঘ, শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন, ঢাকা থিয়েটার মঞ্চ, থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, ঢাকা পদাতিক, দনিয়া সাংস্কৃতিক জোট, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, কণ্ঠশীলন, সময় নাট্যদল, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, দৃষ্টিপাত নাট্য সম্প্রদায়, বাংলাদেশ পুলিশ নাট্যদল, কোয়ান্টাম ফাউন্ডেশন, প্রাচ্যনাটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পকলা একাডেমি মসজিদে মান্নান হীরার জানাজা অনুষ্ঠিত হয়।