রাবির ছাত্রী হলে প্রবেশের সময় বৃদ্ধি

করোনায় বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে প্রবেশের সময় বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান ছয়টি ছাত্রী হলে গিয়ে প্রাধ্যক্ষ ও গেটম্যানদের এই নির্দেশনা দেন।

হল সূত্রে জানা যায়, বই ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবেশের অনুমতি ছিল। দিনে চার ঘণ্টা হলে প্রবেশের নিয়ম থাকায় বিড়ম্বনায় পড়তো ছাত্রীরা। ছাত্রীদের বিড়ম্বনায় এড়াতে নতুন এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান প্রক্টর।

সরেজমিন, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি প্রতিটি ছাত্রী হলে গিয়ে গেটম্যান ও হল সুপারদের নতুন নির্দেশনা জানান। এসময় প্রক্টর হল প্রাধ্যক্ষদের মুঠোফোনে দিনের যেকোনো সময় ছাত্রীদের হলে প্রবেশের নির্দেশনা দেন।
 
মন্নুজান হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হলে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারতো। তবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আমাকে মুঠোফোনে জানান যে, এখন থেকে প্রাধ্যক্ষরা যেন দিনের যেকোনো সময় শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেয়। 

আরো পড়ুন: ১২ বছর পর ফিরলেন মোমেনা, ফিরে পেলেন না কিছুই

এদিকে ছাত্রীদের হলে প্রবেশের নতুন এ নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও রহমতুন্নেসা হল প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগম।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বেশকিছু ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে ছাত্রী হলগুলোতে যাই। এসময় হলের কর্তব্যরত গেটম্যানদের নির্দেশনা দেই যেনো এখন থেকে দিনের যেকোনো সময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারে। হল প্রাধ্যক্ষদের মুঠোফোনে নির্দেশনাটি জানিয়ে দিয়েছি। 

এর আগে, গত ২১ ডিসেম্বর শিক্ষা পরিষদের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের আটকে থাকা চতুর্থ বর্ষ স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষাসমূহ সামনের বছরের ২ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের হল থেকে বই ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে বিড়ম্বনা এড়াতে এই নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

ইত্তেফাক/এসি