বরেণ্য গীতিকবিদের সম্মানে গীতিকবি সংঘের অনন্য উদ্যোগ

বিনোদন রিপোর্ট

 

‘গীতিকবি সংঘ’ নামের প্লাটফর্ম গঠন ও এর নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সব প্রজন্মের গীতিকবিদের মধ্যে একটি আত্মসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। সেই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে সদস্যদের নিয়ে নানা উদ্যোগ ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে।

সম্প্রতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংগঠনের আজীবন সদস্যদের সম্মান জানাতে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ছবিসহ শুভেচ্ছাপত্র। যা সংগীতের সকল মহলে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

সম্প্রতি মোহাম্মদ রফিকউজ্জামানের বাসায় সংঘের নেতৃবৃন্দ ‘গীতিকবি সংঘ’র আজীবন সদস্য হিসেবে কিংবদন্তী ৬ জন গীতিকবির নাম ঘোষণা করেন। তারা হলেন কে জি মোস্তফা, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, মনিরুজ্জামান মনির, কাওসার আহমেদ চৌধুরী ও কাজী রোজী।

গত দু’দিন এই গীতি ব্যক্তিত্বদের হাতে আজীবন সদস্যপদের শুভেচ্ছাপত্র তুলে দিয়েছেন সংঘের প্রধান সমন্বয়ক শহীদ মাহমুদ জঙ্গী, সংঘের তিন উদ্যোক্তা আসিফ ইকবাল, কবির বকুল ও জুলফিকার রাসেল এবং সমন্বয় কমিটির অন্যতম সদস্য জয় শাহরিয়ার।

সংঘের কার্যক্রম সম্পর্কে দেশের অন্যতম জ্যেষ্ঠ গীতিকবি মনিরুজ্জামান মনির বলেন, ‘গীতিকবি সংঘ আমাকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করলো! ওদের প্রতি আমার কৃতজ্ঞতা। ওরা আমাদের জীবনে নতুন রঙ ছড়িয়ে দিলো।’