ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া মহল্লায় বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেনের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার উদ্দেশ্যে এক বয়স্ক নারীকে টাকা দেওয়ার সময় সুদিপ্ত মিত্র ও মিঠু নামের দুই সমর্থককে আটক করে জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । জনতার জিজ্ঞাসাবাদে তারা টাকা দেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি নির্বাচন কমিশনে অভিযোগ করলে দ্রুত পুলিশ নিয়ে হাজির হন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। একপর্যায়ে সাক্ষীসহ তাদের উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সুদিপ্তকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় মিঠুকে ছেড়ে দেওয়া হয়। সুদিপ্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া মহল্লার স্বপন মিত্রের ছেলে।