ইত্তেফাক রিপোর্ট
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে জামাত-উল-মুজাহিদীন (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। গতকাল তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হলে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উলাইলের কর্ণপাড়া ও আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো—রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব। সাভারে তার একটি টেইলার্সের দোকান রয়েছে। অন্য জন ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন। সে আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করত। আহসান হাবিব জঙ্গি কর্মকাণ্ডের অপরাধে ২০১৭ সালে গ্রেফতার হয়েছিল। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।