শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয়ের উথলী ইউনিয়নে সাবকবলা দলিলে ক্রয়কৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী মো. সামসুল ইসলাম ও পুত্র সোহেল রানা লিখিত বক্তব্যে বিভিন্ন তথ্য তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগে বলা হয়, ১৯৯৩ সালের ২৪ জুলাই উক্ত ইউনিয়নের কাতরাশিন মৌজায় অবস্থিত একটি দাগের ৪৪ শতাংশের মধ্যে ৬ শতাংশ জমি সামসুল ইসলাম ক্রয় করে নিজ নামে খারিজ ও খাজনা পরিশোধসহ ভোগদখলে ছিলেন। একই দাগের অপর এক অংশের মালিক আমিন উদ্দিন ঠাকুর প্রায় ১২ বছর আগে সামসুল ইসলামের জমি মৌখিকভাবে ভাড়া নেন। প্রথম বছর ২০ হাজার টাকা ভাড়া পরিশোধও করেন। তারপর থেকে ভাড়া না দিয়ে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও থানার পুলিশের কাছে অভিযোগ করলেও অপর প্লট মালিক তোফাজ্জল হোসেন ও আমিন ঠাকুর নানা টালবাহানায় সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে সামসুল ইসলাম ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন।