সড়ক পরিবহন আইন-২০১৮ যথোপযুক্ত সংশোধন ও যুগোপযোগী ধারা সন্নিবেশের আগ পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এবং মোটরযান বিধিমালা-১৯৮৪-এর যুগোপযোগী পরিবর্তন চায়।
তিনি বলেন, কোনো মানুষ যেখানে ত্রুটি মুক্ত নয়, সেখানে যান্ত্রিক যানবাহনে ত্রুটি থাকতেই পারে, একে অপরাধ হিসেবে গণ্য করে বড় শাস্তি বা জরিমানা মালিক-শ্রমিকরা মেনে নিতে পারছে না। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ যানবাহন চলাচল করে চালকের সংখ্যা তার অর্ধেক। এমতাবস্থায়, সড়ক দুর্ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা হলে নিকট ভবিষ্যতে চালকের সংকট আরো তীব্র হবে বলে মনে করেন মালিক প্রতিনিধিরা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহম্মেদ। বক্তব্য রাখেন কভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব, সহসভাপতি-সাদরুল ইসলাম, আবুল হাশেম, নরেন্দ্রনাথ সাহা, আলহাজ মো. আবুল কাশেম, আলহাজ মাছুম পাটওয়ারী, ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি