রাবিতে হল বন্ধ রেখে পরীক্ষার সিদ্ধান্তে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

আবাসিক হল বন্ধ রেখেই আগামী ৩ জানুয়ারি থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ২১ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্তে বলা হয়, ‘স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা হবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ রেখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এদিকে পরীক্ষা গ্রহণের ঘোষণায় উচ্ছ্বসিত হলেও করোনার অজুহাতে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেতু সীন বলেন, পরীক্ষা ও হল খোলার বিষয় একসঙ্গে বিবেচ্য। যেহেতু সবকিছুই স্বাভাবিক, সেক্ষেত্রে হল খুলে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানবিক ও সুবিবেচিত সিদ্ধান্ত হবে বলে মনে করছি। ফাইন্যান্স বিভাগের ইউসুফ আলী শিমুল বলেন, যেহেতু হল খুলবে না, সেহেতু পরীক্ষার ২০ দিন আগেই নোটিশ দিতে হতো। কারণ শিক্ষার্থীদের নতুন মেস ঠিক করা, হল থেকে সবকিছু শিফট করতে সময় লাগবে। তাই স্বাস্থ্যবিধি মেনে হল খুলে পরীক্ষা গ্রহণের দাবি জানান তিনি। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবন সিদ্দিকী বলেন, যদি মেসে থেকে পরীক্ষা দিতে সমস্যা না হয়, তাহলে হলে থেকেও তো পরীক্ষা দিতে সমস্যা হওয়ার কথা নয়।

রাবি প্রক্টর ও দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুত্ফর রহমান বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আবাসিক হল বন্ধ রেখে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, পরীক্ষা না হওয়ায় চাকরির আবেদন করতে পারছে না উল্লেখ করে অনেক শিক্ষার্থী নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণের কথা জানিয়েছেন। তাই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ ও সেশনজট লাঘবে বাইরে কষ্ট করে থেকে হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে।