আ খ ম জাহাঙ্গীর হোসাইন পারিবারিক কবরস্থানে সমাহিত

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

চার দফা জানাজা শেষে শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে গলাচিপা উপজেলায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থান মাঠে প্রথম জানাজা শেষে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তার লাশ দশমিনা আনা হয়। পরে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, দশমিনা উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এরপর দুপুর আড়াইটায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় এবং বিকাল ৪টায় আ খ ম জাহাঙ্গীর হোসাইনের জন্মস্থান উপজেলার চর চন্দ্রাইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।