এগিয়ে যাওয়ার সুযোগ ইউনাইটেড-এভারটনের

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

আজ ইংলিশ প্রিমিয়ার লিগের বক্সিং ডে ম্যাচ সপ্তাহে মুখোমুখি হচ্ছে লেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লন্ডনের দুই নগরপ্রতিদ্বন্দী, আর্সেনাল ও চেলসি। অন্যান্য ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, এভারটন, সাউদাম্পটন।

কয়েক দিন আগেই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রয় কিন বলেছিলেন, ‘লিভারপুল এখনো (প্রিমিয়ার লিগের) সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু লিগে বাকিদের মধ্যে সেরা হতে পারে (ম্যানচেস্টার) ইউনাইটেড।

আজ সেটা প্রমাণ করতেই কিং পাওয়ার স্টেডিয়ামে পা রাখবে ওলে গুনার সোলসারের শিষ্যরা। জেমি ভার্ডিদের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লে বাকিদের চেয়ে এক ম্যাচ কম খেলেই পয়েন্ট টেবিলে তিন থেকে দুইয়ে উঠে যাবে সোলসারের ইউনাইটেড। আর ফলাফল উলটো হলে টেবিলের দ্বিতীয় স্থানেই বহাল থাকবে লেস্টার।

ওদিকে এমিরেটস স্টেডিয়ামে মৌসুমের লন্ডন ডার্বিতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও চেলসি। সুদিন ফিরিয়ে আনতে মিকেল আরতেতার শিষ্যদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে ফ্র্যাংক ল্যাম্পার্ডের নীল শিবিরের জন্য হিসাবটা অন্যরকম। লেস্টার-ইউনাইটেডের ম্যাচ ড্র হলে এবং নিজেরা ম্যাচ জিতলেই দুইয়ে উঠে যাবে চেলসি। আর এই দুই ম্যাচই ড্র হলে, দিনের শেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে দুইয়ে চলে যেতে পারে কার্লো আনচেলত্তির এভারটন। আর নিউক্যাসলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি।