গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শুক্রবার দিনব্যাপী মহানগরীর তিনসড়ক এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে কারখানার সামনে শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় রাস্তার উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার একই দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত সেপ্টম্বর ও অক্টোবর মাসের বেতন ৬৫ শতাংশ দেওয়া হলেও ৩৫ শতাংশ বকেয়া রয়েছে। এছাড়া নভেম্বরের মাসের পুরো বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন দেওয়ার জন্য একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। তাই বকেয়া পাওনার দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে রাত ৯টার দিকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয়। শুক্রবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকের সামনে ছুটির নোটিশ দেখে তারা ফের বিক্ষোভ করছে।

এ বিষয়ে স্টাইল ক্রাফট কারখানার ম্যানেজারের (এডমিন) সুজা উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বেতন দেওয়া সম্ভব হয়নি। তাই নভেম্বরের বেতন আগামী ৭ জানুয়ারি পরিশোধের সিদ্ধান্ত নিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, বৃহস্পতিবার বকেয়া বেতনের বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার আলোচনা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

শুক্রবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে মূল ফটকে একটি ছুটির নোটিশ দেখে ফের উত্তেজিত হয়ে উঠে। আবারও কারখানার মালিকের সঙ্গে কথা বললে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে। এমন আশ্বাস পেয়ে বিকাল ৩টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।