ইইউ-ব্রিটেন বাণিজ্য চুক্তিতে সমস্যা থাকলেও মেনে নেবে লেবার পার্টি

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ১৫০০ পাতার চুক্তি হচ্ছে। যার এক হাজার পৃষ্ঠা কেবলই অ্যানেক্সাচার এবং ফুটনোট। দীর্ঘ আলোচনার পর ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে শুক্রবার তা পর্যালোচনা করতে বসেন ইউরোপের কূটনীতিকরা। তাদেরকে চুক্তির বিষয়টি বোঝান চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষের মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ের। আগামী ৩১ ডিসেম্বর সরকারিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছে যুক্তরাজ্য। তারপরই নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হবে। নতুন বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়ে এখনো সব কিছু স্পষ্ট নয়। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে বিষয়গুলি নিয়ে জটিলতা ছিল, তা কেটে গিয়েছে। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য, যে চুক্তি হয়েছে, তা ভালো বলে তারা মনে করে না। চুক্তির মধ্যে একাধিক সমস্যা আছে। তা সত্ত্বেও তারা চুক্তিটিকে সমর্থন করছে। কারণ না হলে কোনো চুক্তিই হতো না যা আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতো। -ডয়চেভেলে