কোনো ছবি তুমুল আলোচনায় চলে এলে তার সেটসহ সকল অনুষঙ্গও দামি হয়ে যায়। ভারতের বাহুবলী তেমনই এক ল্যান্ডমার্কের নাম।
তরুণ নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমার ‘বেবি বিউটিফুল’ গানটি চিত্রায়িত হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাহুবলীর সেটে।
শোবিজ তারকাদের মেকআপের আড়ালে লুকিয়ে থাকা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মেকআপ’ সিনেমা। চলতি সপ্তাহে ‘বেবি বিউটিফুল’ শিরোনামের নতুন একটি গান মুক্তি পায় ইউটিউবে। কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক স্যাভির কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের সংগীত শিল্পী জয়তিকা তাংরি। এ প্রজন্মের অন্যতম চিত্রনায়ক রোশান ও নবাগত রিয়েলী খান অভিনীত মেকআপ সিনেমার এই গানটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে।
পরিচালক অনন্য মামুন গানটি প্রসঙ্গে বলেন, ‘আমরা অনেক বাজেট দিয়ে যত্ন নিয়ে গানটি নির্মাণ করেছি। আশা করি দর্শকরা এই প্রথম বাংলাদেশের সিনেমায় মুম্বাইয়ের হিন্দি গানের মতো আধুনিকতার ছোঁয়া পাবেন।’
গানটি নির্মাণে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ হয়েছে। এ নিয়ে মামুন বলেন, ‘আমার জানা মতে, গানটির পেছনে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা দেশের আর কোনো ছবির গানের ক্ষেত্রে হয়নি। আমি চেয়েছি, জাঁকজমকপূর্ণভাবে গানটিকে হাজির করতে।
সিনেমাতে অভিনয় করেছেন রোশান ও নবাগত রিয়েলী খান। এছাড়াও আরো অভিনয় করছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ। সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।