সংবাদ সংক্ষেপ

 

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলায় শনিবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শহিদুল্লাহ (দেড় বছর)। সে উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের মতি আকন্দের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটিকে তার মা দাদীর কাছে রেখে ঘরের বাইরে গৃহস্থালির কাজ করছিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধা দাদী ঘুমিয়ে পড়লে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী ও সম্পাদক এম নুরুন্নবী

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা মো. রফিক সাদী সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম নুরুন্নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২১ ও ২০২২ সালের জন্য ১৭ সদস্যের এ কমিটি গঠিত হয়।

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে শনিবার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসএসসি-৮৮-বিডির বন্ধুদের উদ্যোগে বাজারের ১ নম্বর গেট হতে মাস্ক বিতরণ শুরু করে শহরের রেলগেটে বাস টার্মিনালে শেষ হয়। এ সময় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আরিফ আহমেদ।