ইত্তেফাক রিপোর্ট
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্যদের প্রদানকৃত সার্টিফিকেট অব অরিজিন (সিও) এবং সদস্যপদ সনদ দেওয়া হবে অনলাইনে। এ লক্ষ্যে ডিসিসিআই নিজস্ব উদ্যোগে ‘মেম্বারশিপ অনলাইন সার্ভিস’ পোর্টাল তৈরি করেছে। এখন থেকে এই পোর্টালে লগইন করে ডিসিসিআইর সদস্যসহ অন্যান্য ব্যবসায়ী অনলাইনে সিও গ্রহণ ও সদস্য সনদ গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সম্প্রতি এই সেবার উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষ্যে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের আগস্ট মাসে ডিসিসিআই ও বিডার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ডিসিসিআইয়ের ‘মেম্বারশিপ অনলাইন সার্ভিস’ পোর্টালটি জাতীয় অনলাইন ওয়ান স্টপ সার্ভিসেসের সঙ্গে একীভূতকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। খুব শিগিগরই ঢাকা চেম্বারের বর্ণিত দুইটি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফরমের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা যাবে।