সব স্কুলে খেলাধুলা চায় বাফুফে
স্পোর্টস রিপোর্টার
‘শুধু শিল্প-কারখানা গড়ে একটা জাতির উন্নতি হতে পারে না। খেলাধুলা জাতি গঠনে বড় ভূমিকা রাখে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করব তারা যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলার আয়োজনটা রাখেন। সেটা শুধু ফুটবল-ই নয়। যে কোনো খেলা হতে পারে—কথাগুলো বলছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। গতকাল পল্টন ময়দানে জাতীয় স্কুল ফুটবল ফাইনালে পুরস্কার বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্কুল ফুটবল ফাইনালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ৪-০ গোলে ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তামিম হোসে, মিরাজুল ইসলাম, হাসান হাওলাদার এবং অধিনায়ক রমজান শেখ গোল করেন।
পুরস্কার বিতরণ শেষে সংবাদমাধ্যম ঘিরে ধরেছিল বাফুফে সভাপতিকে। সেখানে নানা প্রশ্নে সালাহউদ্দিন বলেন,‘প্লেয়ার তৈরি হয় স্কুলগুলোতে। আমি স্কুল থেকে উঠে এসেছি। এখন স্কুলে খেলাধুলার চর্চা হয় না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আশা করব যেন স্কুলগুলোতে যে কোনো খেলাধুলার একটা ব্যবস্থা থাকে।’
বাগেরটহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধিনায়ক রমজান শেখ ফাইনালের আগের সংবাদ সম্মেলনে বলেছিলেন চ্যাম্পিয়ন হয়ে বাগেরহাটের মুখ উজ্জ্বল করতে চান। কথা রেখেছেন এই তরুণ। বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ঢাকার ক্লাব ফুটবলে খেলা আব্দুল বাতেন কোমলের প্রশিক্ষণের দল ছাগলনাইয়াকে। ফাইনাল শেষে পল্টন ময়দানের মাঠে কোমলের খেলোয়াড়রা মন খারাপ করে বসে পড়লে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা সান্ত্বনা দিচ্ছিলেন। প্রধান অতিথি সালাহউদ্দিনের হাত হতে পুরস্কার গ্রহণ করতে গিয়ে উল্লাসে মেতে উঠেন চ্যাম্পিয়নরা।
এই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল গত মার্চে। করোনার কারণে মাঝ পথে বন্ধ হয়ে যায়। ৫৭ স্কুল নিয়ে আঞ্চলিক পর্যায়ের খেলা হয়ে গেলে ঢাকায় চূড়ান্ত পর্বের খেলা বন্ধ ছিল। ৮ দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব শেষ হলো কাল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন রানার্সআপ দলের মুনতাসির ফুয়াদ ইবনে নুর। চ্যাম্পিয়ন দলের হাসান হাওলাদার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, একই দলের সেরা গোলকিপার হন হাবিবুর রহমান।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল :
হাবিবুর রহমান, সাকিব হাসান, শিমুল শিকদার, রফিকুল ইসলাম, হাফিজ শেখ, সাকিব হাসান, মিরাজুল ইসলাম, হাসান হাওলদার, রমজান শেখ, পিয়াল বিশ্বাস, শান্ত শেখ, নজরুল শিকদার, রিয়াজুল বাওয়ানী, মৃদুল হাসান, ফয়সাল খলিফা। কোচ হাছিবুর রহমান। ম্যানেজার সদরুল হক।
ছাগলনাইয়া সঃ পাইলট উচ্চ বিদ্যালয় :
মাংলে মুরাং, রবিউল হাসান, রাকিবুল, হূদয়, রিয়াজ, এডিবম, আরমান, লিয়ান বম, ইসাক বম, মুনতাসির ফুয়াদ ইবনে নুর, শাফা মজুমদার, রিয়াজ, যোবায়ের, মোনতাসির মজুমদার, ফাইসাং মরুংরোহিত, এমদাদুল হক, সাব্বির হোসেন। কোচ আব্দুল বাতেন কোমল। ম্যানেজার আব্দুল্লাহ হারুন রানা।