স্পোর্টস রিপোর্টার
প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার মন্ত্রণালয় হতে স্থাপনা করার কথা জানিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল স্কেটিং কমপ্লেকসে আয়োজিত অনুষ্ঠানে রাসেল বলেন, ‘বাদল রায়ের জন্য সম্মানজনক কিছু করতে হবে। অসম্মান হয় এমন কিছু করা যাবে না।’ তিনি স্টেডিয়াম নামকরণের কথা জানিয়েছেন। এই অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বাদল রায়ের জীবনের নানা দিক স্মরণ করেন। শেখ মো. আসলাম বাফুফের জিমনেসিয়ামটি বাদল রায়ের নামে করার প্রস্তাব করেন। বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় কন্যা গঙ্গোত্রী রায় সেখানে ছিলেন। কন্যা গঙ্গোত্রী রায় বলেন, ‘আমরা পরিবার হতে বাবার নামে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছি। পরিচালনা করবেন কৌশিক শংকর দাস। তার সঙ্গে প্রাথমিক কথা চলছে।’ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি ও ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু ছাড়াও উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, বাবলু, গাফফার, আসলাম, জনি, রুপু, জোসি, নকীব, শুভ্র, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক দিলু খন্দকার, ক্রীড়া জগত্ সম্পাদক দুলাল মাহমুদ প্রমুখ।