উইন্ডিজ সিরিজ
স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল টাইগাররা। ১০ মাস বিরতির পর ওয়ানডে দিয়েই শুরু হবে বাংলাদেশের মিশন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের অধীনে অনুষ্ঠিত হবে এই সিরিজ। হোম সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। প্রায় ২৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করা হবে। আলাদাভাবে ওয়ানডে, টেস্টের জন্য দল ঘোষণা নাও হতে পারে। পুরো দল একসঙ্গেই জৈব বলয়ে প্রবেশ করবে। সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে আগামী ১০ জানুয়ারি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে দল ঘোষণা হবে। একসঙ্গে ২৪-২৬ জনের একটা স্কোয়াড হবে। সবাই একসঙ্গে বায়ো-বাবলে ঢুকবে। অনুশীলন শুরু হতে পারে ১০ জানুয়ারি।’
এদিকে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের বিদেশি কোচরা আসা শুরু করবেন তামিম-সাকিবদের অনুশীলন শুরুর আগেই। জানা গেছে, ৮ জানুয়ারি ঢাকায় আসবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।