চলে গেলেন রবিন জ্যাকম্যান

সাবেক ইংলিশ ক্রিকেটার ও প্রখ্যাত ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান (৭৫) গত শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত্ গলার ক্যানসারে ভুগছিলেন।

জ্যাকম্যানের জন্ম ১৯৪৫ সালে, অবিভক্ত ভারতবর্ষের শিমলায়। তার বাবা ব্রিটিশদের দ্বিতীয় গোর্খা আর্মির মেজর হিসেবে কর্মরত ছিলেন। জ্যাকম্যানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অনেক দেরিতে শুরু হয়েছিল। ১৯৮১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের সময় তার বয়স হয়েছিল ৩৬। ক্যারিয়ারে মোট টেস্ট খেলেছেন মাত্র চারটি, এক দিনের ম্যাচ খেলেছেন ১৫টি। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মোট ১৬ মৌসুম, নিয়েছেন ১৪০২টি উইকেট। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে।