বরিশাল অফিস
বরিশাল মহানগর যুবদলের দুই নেতার অন্তঃকোন্দলের জেরে শুক্রবার রাতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন কর্মিসভা উপলক্ষ্যে রাতে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করে জেলা ও মহানগর যুবদল। রাত ৯টার দিকে সভা চলাকালে কথা কাটাকাটি শুরু হয় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের মধ্যে। এরপর সভার মধ্যেই মাসুদ হাসানের অনুসারী হিসেবে পরিচিত মহানগর যুবদলের প্রচার সম্পাদক বশির, ঝুনু, রাহাতসহ আরো কয়েক জন হট্টগোল শুরু করে। তারা সেখানে থাকা চেয়ার ছুড়ে মারে মাজহারুল ইসলামের দিকে। এতে আহত হন তিনি। পরবর্তী সময়ে মাজহারুল ইসলামের অনুসারীরা মাসুদ হাসানের অনুসারীদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং কার্যালয়ের চেয়ার ভাঙচুর করা হয়। সেখানে উপস্থিত জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হলে মাসুদ হাসান মামুন তার অনুসারীদের নিয়ে দ্রুত কার্যালয় চত্বর ত্যাগ করেন। এরপর মাজহারুল ইসলামের অনুসারীরা রাস্তায় মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। ভাঙচুর-হাতাহাতির ঘটনার পর বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হাতাহাতির ব্যাপারে জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব সাংবাদিকদের বলেন, ‘এক ঘরে একাধিক ভাই থাকলে একটু ঝগড়া হতেই পারে। এটা বড় কোনো ঘটনা নয়।’