স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে জমিজমার কাগজ ঠিক করার কথা বলে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ ধর্ষকদের গ্রেফতার করতে পারেনি। উলটো মামলা তুলে নিতে ঐ গৃহবধূকে হুমকি দিচ্ছে ধর্ষকরা। আরেকটি ঘটনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
মামলার বিবরণ এবং নির্যাতিতার অভিযোগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের তোফাজ্জল হোসেনের কাছে পাঁচ বছর আগে ৬৬ শতক জমি ২ লাখ টাকায় বন্ধক নেন গৃহবধূ ও তার স্বামী। ঐ সময় লিখিত স্ট্যাম্পও করে দেন তোফাজ্জল হোসেন। ঐ সম্পত্তি গৃহবধূ ও তার স্বামী ভোগদখল করে আসছেন। ১০ নভেম্বর জমিদাতা তোফাজ্জল হোসেন আরো ৪০ হাজার টাকা গ্রহণ করেন তাদের কাছ থেকে। কিন্তু স্ট্যাম্প করে দিতে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে তোফাজ্জল হোসেনের সহযোগী আবু তাহের ও রবিউল হাসান বিষু ঐ গৃহবধূকে ৪০ হাজার টাকার স্ট্যাম্প লিখে নিয়ে দিতে সহায়তার কথা বলে ২ লাখ টাকার মূল স্ট্যাম্পটি তার কাছ থেকে হাতিয়ে নেন। এরপর তোফাজ্জল হোসেনের সহযোগী আবু তাহের ও রবিউল হাসান বিষু ঐ গৃহবধূকে কৌশলে ২২ নভেম্বর ও ২৭ নভেম্বর ডেকে নিয়ে ধর্ষণ করে। এর প্রতিবাদ করলে ২ লাখ টাকার মূল স্ট্যাম্পটি তাকে ফেরত দেবে না বলে হুমকি দিয়ে জিম্মি করে তারা আরো একাধিকবার ধর্ষণ করে ঐ গৃহবধূকে। এ ঘটনায় ঐ গৃহবধূ মিঠাপুকুর থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ঐ গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হয়েছে।
অন্যদিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে।