রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে --- আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যারাই রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ছিলেন, তারা সকলেই দেশ গঠনে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। ক্ষমতা শেষে বা পদত্যাগের পর তাদের চরিত্র হরণ করে বক্তব্য দেওয়া বা অকথ্য ভাষায় সমালোচনা করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ক্ষমতায় থাকাকালে দেশ ও মানুষের কল্যাণে সবাই-ই যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে।

গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি-জেপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,       জনগণের ঐক্যই হচ্ছে আমাদের শক্তি। আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক দল, আদর্শ, মতবাদ ও নির্বাচনি প্রতীক নিয়ে মাঠে আছি। অনেকেই আমাদের বড় দলভুক্ত হতে বললেও এলাকার মানুষের মনোভাবকে উপলব্ধি করে তাদের সমর্থন ও আস্থার ওপর নির্ভর করেই রাজনীতি করি। আমরা এলাকার মানুষকে দলমত-সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ করে কাজ করি। ভারতের তত্কালীন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যখন ভাণ্ডারিয়ায় সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করতে এসেছিলেন তখন মঞ্চ ও সমাবেশস্থলে সব দলের রাজনৈতিক নেতা, হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন। আমরা সবাই দেশের স্বাধীনতা চেয়েছি সকলের অবস্থার পরিবর্তনের জন্য, আমাদের ভাগ্য বদলের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য। মানুষ পাকা সড়ক দিয়ে হাঁটবে-গাড়িতে চড়বে, চিকিত্সা সুবিধা পাবে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে এটাই ছিল আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ। দীর্ঘ ৩৬ বছর আগে আমরা যে পথে যাত্রা শুরু করেছিলাম তা আগামীতে আরো মসৃণ হবে, প্রশস্ত হবে, আগামীতে মানুষের অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে। ভাণ্ডারিয়ায় যখন আমি প্রথম আসি এলাকার শিক্ষিত-ভদ্র-বিচক্ষণ মানুষের সঙ্গে কথা হতো। এখন তরুণদের কথা শুনতে হয়। বিগত সময়ে কখনো নির্বাচনকালে, কখনো স্বাভাবিক সময় সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। সরকারে থেকেছি কি সংসদে থেকেছি মানুষের সঙ্গে সম্পর্ক গভীরভাবে বজায় রাখার চেষ্টা করেছি।

আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আমি বারবার দুটি কথা বলেছি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদ করা যাবে না, যা আল্লাহ নিষেধ করেছেন। আমি ভাণ্ডারিয়ার মানুষকে দেশব্যাপী আত্মপরিচয়ে পরিচিত ও বলীয়ান থাকার জন্য মন্ত্র দিয়েছি। আজ এখানকার মানুষ ঐক্যবদ্ধ। আমরা প্রথম দিকে বলতাম ইনশাআল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করব। এখন আমরা বলছি পরিবর্তন করছি। এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে তাদের প্রতি কোনো আঘাত আসলে তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা যায়। এক্ষেত্রে আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। ভাণ্ডারিয়ার ওপর আল্লাহতালার বিশেষ রহমত আছে। আমার পরে সব অন্ধকার হবে এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। ভবিষ্যতে যারা আসবে তারা আমাদের চাইতে আরো ভালো করবে, এ পথ আমরা তৈরি করে যাব। জাতীয় পার্টি-জেপি মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা ১৪ দলে আছি, আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টিসহ শরিক দলদের মূল্যায়ন করতে হবে।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বিকালে ভাণ্ডারিয়ার গৌরীপুরে এক দোয়া-মাহফিলে বলেন, এখানকার নব্য ধনীদের কেউ কেউ ভূমি দখল করায় জমিজমা নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ সৃষ্টি হয়েছিল। যার পরিণতিতে আমার দলের একজন সক্রিয় সদস্য ঘনিষ্ঠ সহকর্মী আক্তারুজ্জামান দুলাল চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। এই ক্ষতি শুধু গৌরীপুরের নয়, সারা ভাণ্ডারিয়ার। এই ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। গৌরীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রীপুর গ্রামে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকালে অনুষ্ঠিত ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির কর্মী সমাবেশে উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জেপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির মো. রেজা আহমেদ দুলাল, সাইদুর রহমান সাব্বির প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম খোকন মৃধা, মাওলানা নুরুল হক, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, স্থানীয় জেপি নেতা মো. কামাল হোসেন খান, মামুন হাওলাদার, যুব সংহতির ইউনিয়ন সভাপতি মতিউর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক খায়রুল আলমসহ জেপি ও অঙ্গসংগঠনের ভাণ্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা-ইউনিয়ন নেতৃবৃন্দ।

গতকাল দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া পৌরসভায় শেখ কামাল অডিটরিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনে করোনা ভাইরাস পরীক্ষার খোঁজ-খবর নেন এবং ভাণ্ডারিয়া থানার নবনির্মিত ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। রাতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের পিতা চেয়ারম্যান আব্দুর রশিদ খানের কবর জিয়ারত এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসব স্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ এ কামাল, ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম-আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু, ভাণ্ডারিয়া পৌর কমিশনার মানিক হাওলাদার, মঞ্জু রাণী সিংহ ছাড়াও নিজ নিজ এলাকার প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিটাবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির নতুন কমিটি ঘোষণা

বিকালে অনুষ্ঠিত কর্মিসভায় রেজা আহম্মদ দুলালকে সভাপতি, মো. সাইদুর রহমান সাব্বিরকে সাধারণ সম্পাদক এবং মো. মামুন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পারভিন রহমানকে সভাপতি, নাছিমা আক্তারকে সাধারণ সম্পাদক ও অনামিকা সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত ইউনিয়নের জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিও ঘোষণা করা হয়।

দুস্থকল্যাণ সংস্থার কম্বল বিতরণ

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুস্থকল্যাণ সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল, অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণকাজে অংশ নেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সংস্থার সমন্বয়ক মো. আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন ও মো. কবির হোসেন হাওলাদার।