রাজনীতিতে ত্যাগীদের সুযোগ দিতে হবে ------------ওবায়দুল কাদের

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দুর্নীতিবাজদের নির্মূল করে সত্ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক দলে যারা বিদ্বেষের চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন; তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। নইলে রাজনীতিতে ভালো মানুষেরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী ও দখলবাজদের। এদের সংখ্যা বেশি নয়। দল, সমাজ ও রাষ্ট্রে সত্ নৈতিকতাসম্পন্ন ত্যাগীদের আনতে হবে।

গতকাল শনিবার সকালে সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও      কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একটির ওপর যেন আরেকটির নেতিবাচক প্রভাব না পড়ে। সকলের রাজনৈতিক বিশ্বাস আছে, থাকতে পারে। তাই বলে তার প্রভাব যেন মাঠের সবুজ গালিচায় না পড়ে। বাদল রায় একজন সত্ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। বাদল রায় তার খেলোয়াড়ী জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।