ইটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২ আহত ৩০

পূর্ববিরোধের জেরে জেলার ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে  মিরাজ আলী (৬০) ও বাদল মিয়া (৪০) নামে দুই পক্ষের দুই ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বিরোধ মীমাংসার জন্য আমিরগঞ্জ বাজারে এক সালিশ বসে। উক্ত সালিশে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুর গ্রামের লোকজন। এর জেরে গতকাল শনিবার সকালে প্রজারকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শান্তিপুর গ্রামে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই গ্রামের সহস্রাধিক লোক এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ আলী এবং প্রজারকান্দা গ্রামের নূর মিয়ার ছেলে বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান। দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।