সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী আজ

সব্যসাচী লেখক, কথাশিল্পী, কবি সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মবার্ষিকী আজ। সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা ও কুড়িগ্রামে তার জন্মদিন স্মরণে নানা আয়োজন রয়েছে। বাংলা সাহিত্যের এই সব্যসাচী লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরে ইন্তেকাল করেন।

কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, চলচ্চিত্র, গান, অনুবাদসহ সাহিত্যে-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার সাবলীল লেখালেখির জন্য তাকে ‘সব্যসাচী’ লেখক বলা হয়ে থাকে। তার লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত ছিল। বাঙালি মধ্যবিত্ত সমাজের আবেগ-অনুভূতি সবকিছুই খুব সহজ কথা ও ছন্দে সৈয়দ হক তার লেখনীতে তুলে এনেছেন। তিনিই প্রথম নতুন উদ্দীপনায় মধ্যবিত্তের কথা সাহিত্যে তুলে আনেন। তার আগের বড় লেখকেরা সকলেই গ্রামকেন্দ্রিক উপন্যাস বা গল্প লিখেছেন। কিন্তু তিনি তার রচনায় সমসাময়িক বাংলাদেশকে তুলে এনেছেন। নাট্যকার হিসেবেও সৈয়দ হক ছিলেন দারুণ সফল। বিশেষ করে তার রচিত দুটি কাব্যনাট্য ‘নুরলদিনের সারাজীবন’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ বাংলা নাটকে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।

জন্মদিনে তিনটি নতুন বই :সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকীতে প্রথমা প্রকাশন, ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে তার জীবনসঙ্গী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক রচিত বাসিত জীবন :সৈয়দ হকের সঙ্গে শেষ দিনগুলো শীর্ষক স্মৃতিচারণামূলক বই। এছাড়া প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করেছে সৈয়দ শামসুল হকের প্রিয় ৫০ প্রেমের কবিতা। চিত্র প্রকাশনী প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ ভয় করলেই ভয়।

কুড়িগ্রামে কর্মসূচি :সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামেও তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত হয়েছে।