অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়া হচ্ছে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি—এটা যাদের সহ্য হয় না, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে। তবে তাদেরকে চিহ্নিত করে বের করে দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সুযোগসন্ধানী অনুপ্রবেশকারীরা নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে।

এ সময় করোনা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করছেন। আপনারা দেখেছেন, সম্প্রতি করোনা মোকাবিলা নিয়ে ব্লুমবার্গ-এ প্রকাশিত প্রতিবেদনে উপমহাদেশে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। আর সমগ্র বিশ্বে করোনা মোকাবিলা দক্ষতায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। তবে এ নিয়ে আত্মপ্রসাদ নয়, বরং সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটি সদস্য শাহাব উদ্দিন ফারাজী, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।