কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। এবার তিনি ৮৫ বছরে পা দিলেন। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা একশরও বেশি। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি। রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তার গল্পে চলচ্চিত্র নির্মিত হয়েছে কয়েকটি। আত্মজৈবনিক স্মৃতিমূলক রচনা লিখেছেন তিনি। একাত্তরের ৯ মাস (১৯৯০) বইয়ে লিখেছেন একাত্তরের শ্বাসরূদ্ধকর দিনগুলোর কথা।
সাহিত্যচর্চার জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, অনন্যা সাহিত্য পুরস্কার, হুমায়ূন স্মৃতি পুরস্কার, কমর মুশতারী সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার।—প্রেস বিজ্ঞপ্তি