নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে গতকাল শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়। আহতদের মধ্যে অসত কুমার দাস (৩২), রবিন দাস (১৪), সজিব চন্দ্র দাস (২৬), জয়মালা (৭০), শেফালী দাস (৬০), রিনা দাসকে (৪০) স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাওঘাট গ্রামের বাসিন্দা এক ভূমিদস্যুর নেতৃত্বে বহিরাগত ৩৫/৪০ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরে পূজা অর্চনাকারীদের লাঞ্ছিত করে। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দির কমিটির সভাপতি বিধূ ভূষণ চন্দ্র দাস বলেন, মন্দিরে সন্ধ্যায় পূজা অর্চনা করার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়। এছাড়া ভূমিদস্যুরা জাল দলিল সৃজন করে দীর্ঘদিন ধরে মন্দিরের জমি দখলে নেওয়ার পাঁয়তারা করে আসছে। তারই জের ধরে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা মন্দিরে ফাঁকা গুলিবর্ষণ করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।