কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

গতকাল শনিবার ভোরে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রাম থেকে নাজমা বেগম (৪৪) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যালে পাঠানো হয়েছে। নিহত নাজমা ঐ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল মমিন ওরফে মোমেন মির্জার স্ত্রী। স্বামী ছাড়াও তার আরো দুই ছেলে সৌদি প্রবাসী। এক ছেলে স্বপন মির্জা এবারে এইচএসসি পাশ করেছে। স্বপন মির্জা (২০) জানান, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় এলাকায় ওয়াজ চলছিল। মাকে বলে ওয়াজ শুনতে চলে যান স্বপন। যাওয়ার সময় মা তাকে বলেন, রাত ৮টার মধ্যে চলে আসতে। ছেলে আসলে মা যাবেন ওয়াজ শুনতে। কিন্তু স্বপনের বাড়ি আসতে প্রায় পৌনে ৯টা বেজে যায়। তিনি বাড়ি ফিরে দেখেন মায়ের দেহ মেঝেতে পড়ে আছে। মাথায় গুরুতর জখম। রক্তে ভেসে গেছে মেঝে। স্বপনের চিত্কারে আশপাশের লোকজন এসে আহত নাজমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নাজমা মারা যান। স্বপনের দাবি তার মা কোনো দুর্ঘটনায় মারা যাননি, তাকে কেউ হত্যা করেছে।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে স্বপনসহ চার জনকে থানায় আনা হয়েছে। কে বা কারা, কেন ঐ প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।