রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে এক আনসার কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রুমানা ইয়াসমিন (৩৩)। তিনি ৩৭তম বিসিএসে আনসার ক্যাডারের কর্মকর্তা। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্টাফ কোয়ার্টারের ৮ নম্বর ভবনের তিনতলার ফ্ল্যাটের একটি কক্ষে সাবলেট থাকতেন। শুক্রবার রাতে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পাশের কক্ষের একজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বগুড়ার কাহালুতে।
লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, পারিবারিক মনোমালিন্য ও মানসিক হতাশা থেকে আনসার কর্মকর্তা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট থেকে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে তার বিষয়ে তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে মৃতের ছোট বোন, চাচা ও ফুফাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছে, রুমানা পরিবারের বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করতেন। পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, আনসারের চাকরি জীবন খুব একটা ভালো যাচ্ছিল না রুমানার।
লালবাগ থানায় রুমানার চাচা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে অপমৃত্যু হিসেবে দেখছে। তবে ঘটনার বিভিন্ন পারিপার্শ্বিকতা এবং যে স্পট থেকে লাশ উদ্ধার করা হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ করছে পুলিশ। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।