কেরানীগঞ্জে দ্বিতীয় মহিলা কারাগার

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতর নারী বন্দিদের জন্য পৃথক আরেকটি পৃথক কারাগার নির্মাণ করেছে কারা অধিদফতর। নতুন এই কারাগারটির নাম ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কারাগারটি আজ রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে নারী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি নারী কেন্দ্রীয় কারাগার রয়েছে। এখন কেরানীগঞ্জের নারী কেন্দ্রীয় কারাগারটি হবে দ্বিতীয়। এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে। ফলে ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নিতে হবে না।নতুন এ কারাগারটি পরিচালনা করবেন কারা অধিদফতরের নারী কর্মকর্তা-কর্মচারীরা।

নারী কেন্দ্রীয় কারাগারের সার্বিক কর্মকান্ড তদারকি করছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, এ কারাগারটি উদ্বোধনের পর কাশিমপুরসহ দেশের বিভিন্ন কারাগার থেকে নারী বন্দিদের কেরানীগঞ্জে নিয়ে আসা হবে। এতে নারী বন্দিদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে।