কানাডায় নির্বাসিত পাকিস্তানের নারী মানবাধিকার কর্মী কারিমা বালুচকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ এবং বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে রবিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ভাস্কর শিল্পী রাশা, কবি সরদার ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘কানাডায় নির্বাসিত নারী মানবাধিকার কর্মী কারিমা বালুচকে হত্যা করে প্রমাণ করেছে যে, পাকিস্তান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।’
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কানাডায় নির্বাসিত পাকিস্তানের নারী মানবাধিকার কর্মী কারিমা বালুচকে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। উক্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি বেলুচিস্তান মুসলিমদের স্বাধীনতা সংগ্রামের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।
ভাস্কর শিল্পী রাশা বলেন, ‘১৯৭১ এর ৯ মাস ব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের বাংলাদেশি দোসর রাজাকার আলবদর আলশামসরা মিলে যে ভয়াবহ গণহত্যা, ধর্ষণ, অপহরণ, লুটপাট চালিয়েছিল তা এক নজিরবিহীন ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। বেলুচিস্তানের মানুষ দীর্ঘ দিন ধরে পাকিস্তানের পাঞ্জাবী বাহিনীর হাতে অনুরূপ নিষ্ঠুরতার যন্ত্রণায় ভুগছেন।
কবি সরদার ফারুক বলেন, ‘বেলুচ জনগণের স্বাধীনতা আন্দোলন দমন করতে ধর্মীয় উগ্রবাদী পাকিস্তানি সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা সম্মিলিতভাবে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে আসছে।’
ইত্তেফাক/ইউবি