এম এ আলআমিন
করোনাবিদ্ধ বিশ্ব
বিদায়ি বছরটির সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর তুলনা করা যাবে না। ২০১৯ সালের শেষ দিনটিতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে যে ভাইরাসের আত্মপ্রকাশ ঘটে সেটি হয়ে ওঠে ২০২০ সালের প্রধান আলোচিত চরিত্র। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। হু হু করে বাড়তে শুরু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে দেশে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। পর্যটন ও বিমান চলাচলসহ অর্থনীতির প্রায় সবগুলো খাতে নেমে আসে বিপর্যয়।
কাসেম সোলায়মানি হত্যা
১ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আক্রান্ত হয়। হামলার নেপথ্যে ইরান জড়িত ছিল অভিযোগ করে পরদিন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন বাহিনী। ইরানের এলিট ফোর্স রেভলুশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের প্রধান আবু মাহদি আল মুহান্দিস এতে নিহত হন। হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ৮ জানুয়ারি ইরাকে একাধিক মার্কিন ঘাঁটি টার্গেট করে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা না ঘটলেও তেহরান বিমানবন্দর ছেড়ে যাওয়া ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং ১৭৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। ইরান প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে যে তাদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ভুলবশত প্লেনটিতে আঘাত করেছিল।
অবশেষে ব্রেক্সিট
যুক্তরাজ্য শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসে এ বছর ৩১ জানুয়ারি মধ্যরাতে। ব্রেক্সিট হওয়ার পরও ইইউর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকে বছরের শেষ অবধি। বছরের শেষ প্রান্তে এসে ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাজ্যের মতৈক্য হয়। ব্রেক্সিট বাস্তবায়নের মতো চুক্তি নিয়েও দীর্ঘসূত্রিতা ছিল লক্ষ্য করার মতো। ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যের জন্য ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেয়। শুধুমাত্র ব্রেক্সিটের জন্য ব্রিটেনের দুই জন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও টেরেসা মে’কে পদ ছাড়তে হয়েছে। টেরেসা মে ২০১৭ সালের ২৯ মার্চ প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এর জন্য সময়সীমা নির্ধারণ করা হয় ২০১৯ সালের ২৯ মার্চ পর্যন্ত। পরে সেটি বাড়িয়ে সে বছর ৩১ অক্টোবর, এরপর আরেক দফা সময় বড়িয়ে এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়। পুরো প্রক্রিয়া চলাকালে ব্রিটেনে দুবার আগাম সাধারণ নির্বাচন হয়। সর্বশেষ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ক্ষমতা আরো সুসংহত হয়। এক সময় ধারণা হয়েছিল লেবার পার্টির নেতা জেরেমি করবিন সম্ভবত দেশটির প্রধানমন্ত্রী হবেন। শেষ পর্যন্ত বরিস জনসনই ব্রেক্সিটকালীন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের জায়গা করে নেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। কয়েকটি দিক দিয়ে এবারের নির্বাচন ইতিহাস তৈরি করে। প্রথমত এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটারের অংশগ্রহণ করে। পোস্টাল ভোট বেশি পড়া এর অন্যতম কারণ। ক্ষমতাসীন হেরে যাওয়া প্রার্থী ও বিজয়ী প্রার্থী উভয়ই সবচেয়ে বেশি ভোট পান। প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট হন। এছাড়া ট্রাম্প নির্বাচনে হার স্বীকার করেননি, বাইডেনকে অভিনন্দনও জানাননি। যেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নজীরবিহীন ঘটনা।
ব্ল্যাক লাইভস ম্যাটার
যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলন যে হারিয়ে যায়নি সেটি দেখিয়ে দিয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার। বর্ণবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি এতদিন ছিল সেটি প্রশ্নের সম্মুখীন হয়। ২৫ মে মিনেসোটায় এক শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং হত্যার পর দেশটিতে এত বড় বিক্ষোভ আর হয়নি। বর্ণবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়। নাগরিক অধিকার আন্দোলন অভ্যন্তরীণ রাজনীতির বিষয় হলেও তা আন্তর্জাতিক ইস্যু হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প বিক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েনের হুমকি দেন।
যুক্তরাষ্ট্র-তালেবান সমঝোতা
আফগানিস্তানে ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে ফেব্রুয়ারির শেষ দিকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিরা একটি সমঝোতায় পৌঁছে। এর আগে দুই পক্ষের মধ্যে এ নিয়ে মাসের পর মাস ধরে আলোচনা চলে। বছরের আরো পরের দিকে আফগান সরকারের সঙ্গেও তালেবানের সমঝোতা হয়। দেশটিতে সহিংসতা পুরোপুরি বন্ধ না হলেও এসব সমঝোতা স্থিতিশীলতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়। তালেবান মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে ২০০১ সালের শেষের দিকে ক্ষমতাচ্যুত হয়। ঐ বছর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইনটাওয়ারে হামলার ঘটনায় ওসামা বিন লাদেনকে হস্তান্তর করতে অস্বীকার করার পর অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। তালেবান এখনো একটি প্রভাবশালী প্রতিপক্ষ হিসেবে রয়ে গেছে।
ট্রাম্পের ভারত সফর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর ২৪ ফেব্রুয়ারি ভারত সফর করেন। এই সফরকালে তিনি আহমেদাবাদ, আগ্রা ও নয়াদিল্লী যান। তার এ সফর শেষ হতে না হতেই রাজধানী নয়াদিল্লীতে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। আগে থেকে দেশটিতে মুসলিমদের উদ্দেশ্য করে করা নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। দিল্লীর বিধানসভা নির্বাচনেও মুসলিমবিদ্বেষী তোপ দাগেন ক্ষমতাসীন বিজেপিনেতারা। এরপরই দিল্লীর পূর্ব অংশে শুরু হয় নজিরবিহীন তান্ডব। জুনে কাশ্মীরের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাতে জড়ায় ভারত। এলএসি সংলগ্ন গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হয়। অন্যান্য দেশের মতো করোনায় ভারতেরও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে।
পুতিনের ক্ষমতা সংহতিকরণ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জানুয়ারিতে পার্লামেন্টে সংবিধান সংশোধন করেন। এরপর জুলাইতে এর ওপর সপ্তাহব্যাপী গণভোট আয়োজন করেন। ৭০ শতাংশের বেশি ভোট পড়ে সংবিধান সংশোধনের পক্ষে। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ কণ্টকমুক্ত হয়। গণভোটকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগও ওঠে। এ নিয়ে মস্কোয় বিক্ষোভ হয়। ৬৭ বছর বয়সি পুতিন ২০ বছরের বেশি সময় ক্ষমতায় আছেন। ১৯৯৯ সাল থেকে তিনি হয় প্রধানমন্ত্রী, নয়ত প্রেসিডেন্ট পদে আসীন।
বৈরুতে হামলা
৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটে। আহত হয় সাড়ে ৪ হাজারের বেশি লোক। গৃহহীন হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বিস্ফোরণে তীব্রতা এতই ভয়াবহ ছিল যে প্রায় পুরো শহর কেঁপে উঠেছিল। বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন। দুর্ঘটনার পর দুদিন ধরে বৈরুতে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীরা কয়েকটি মন্ত্রণালয় ভবনে ঢোকার চেষ্টা করে। প্রেসিডেন্ট মিশেল আউন বিস্ফোরণের জন্য ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মজুতকে দায়ী করেন। এটি বন্দরের একটি গুদামঘরে অনিরাপদভাবে মজুত করে রাখা হয়েছিল। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
ছবি : (উপর থেকে নীচে) করোনাবিদ্ধ বিশ্ব, কাসেম সোলায়মানি হত্যা, অবশেষে ব্রেক্সিট, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ব্ল্যাক লাইভস ম্যাটার, যুক্তরাষ্ট্র-তালেবান সমঝোতা, ট্রাম্পের ভারত সফর, পুতিনের ক্ষমতা সংহতিকরণ, বৈরুতে হামলা