প্রত্যাশায় নতুন বছর

 ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’—এই বাংলা কবিতার  মতোই সব ক্লেশ, ক্লান্তি শেষে নতুন দিনের শুরু হোক এমন প্রত্যাশা আমরা সবাই করি। করোনা ভাইরাসে পুরো পৃথিবী বিপর্যস্ত; হারিয়ে গেছে অনেক প্রিয়জন, সবার চাওয়া একটি নতুন ভোরের। নতুন দিনের নতুন প্রত্যাশার গল্প জানাচ্ছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি— আহসান জোবায়ের

তাসনুভা রহমান

নাট্যকলা বিভাগ

১৬ মার্চ। বাস ছাড়বে একটু পর। ডিপার্টমেন্টের সবাই বের হচ্ছে। দৌড়ে গিয়ে বাসে উঠলাম। বাসে উঠেই শুনলাম ক্যাম্পাস বন্ধ আগামীকাল থেকে। কিছু মনে হলো না। কিছু দিন পর আবার তো খুলবেই। আর বাস তো আছেই। তখনো কি কেউ জানত যে, এই কিছু দিনের মেয়াদ আসলে কত দিন? দিনের পর দিন আর মাস গিয়েছে, অপেক্ষায় থেকেছি সব স্বাভাবিক হবে। নতুন বছরে প্রাণবন্ত সময়ের অপেক্ষায় আছি। সামনের দিন কেমন হবে তা নির্ভর করে আমাদের ওপর। নতুন বছরটি হবে চিরহরিত্ বনের মতো। সারা বছরই পাতা ঝরবে, নতুন পাতা গজাবে কিন্তু সবুজ তার চিরচেনা সবুজই থাকবে। তেমনি নতুন বছরেও হয়তো ঝরবে অনেক প্রাণ, আসবে ভবিষ্যত্ প্রজন্ম। কিন্তু নতুন বছর তার মহিমায় চারপাশে দীপ্তি ছড়াবে। নতুন বছর সবার জন্য বয়ে আনবে আশা-ভরসা—এটাই থাকবে প্রত্যাশা।

শরিফুল ইসলাম শ্রাবণ

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

বিদায়ি বছরে মহামারি করোনায় হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করা আমাদের সবারই প্রত্যাশা। নানাবিধ সমস্যা আর অনিশ্চয়তা নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন বছরের আগমন; সঙ্গে আমাদের প্রত্যাশার পরিমাপে যোগ হয়েছে নতুন মাত্রা। আশা করি, আমাদের সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। করোনা পরিস্থিতি অতিক্রম করে দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। শিক্ষার্থীরা যেমনি পিছিয়ে পড়েছে তাদের ক্যারিয়ার গঠনের পথ থেকে তেমনি পিছিয়ে পড়েছে একটি দেশ আর দেশের অর্থনৈতিক পরিসংখ্যান। শিগিগরই নতুন ভোরের প্রতীক্ষা।

সায়মা সামিয়া

মার্কেটিং বিভাগ

দেখতে দেখতেই চলে গেল মহামারির মধ্য দিয়ে প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে আরো একটি বছর। কেউ কখনো ভাবেনি, করোনার মতো একটি ভয়াবহ পরিস্থিতি সবার জীবন থেকে একটি বছর কেড়ে নেবে। জানিনা এর শেষটা কোথায় গিয়ে ঠেকবে। তবে নতুন বছরে আমার প্রথম প্রত্যাশা—করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা যেন দ্রুত উত্তরণ পায়। সবাই যেন আগের মতো সুখে-স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। পুরোনো বছরের ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক, রাজনৈতিক, শিক্ষাগত সমস্যা ও দুঃখ কষ্টগুলোকে পেছনে ফেলে নতুন বছর যেন শান্তি আর সমৃদ্ধশালী হয়ে ওঠে সেটাই কামনা করি। জীবনযুদ্ধে সবাই যেন জয়ী হই—এটাই প্রত্যাশা।

মো. জুবায়ের হোসেন

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

নতুন বছর মানে নতুন করে স্বপ্ন দেখা। নতুন বছরে আমাদের প্রত্যাশা হবে, আমরা আমাদের নিজের অবস্থান থেকে সর্বোচ্চ শিখরে পৌঁছে বিশ্বদরবারে আমাদের দেশকে তুলে ধরতে পারি। ২০২১ সাল ২০২০ সালের সব দুঃখকে সঙ্গে নিয়ে তার যাত্রা শুরু করবে। আর সেই কষ্টকেই পুঁজি করে আরো দ্বিগুণ শক্তিতে এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। পেছনে চালিকাশক্তি থাকবে সবার ভালোবাসা, আবেগ আর উচ্ছ্বাস। নতুন বছর সবাই সুস্থ এবং সুন্দরভাবে শুরু করতে পারে—এই প্রার্থনা করি। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ উঠে গিয়ে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আরো সমৃদ্ধ হোক, মানুষের জন্য মানুষ নিবেদিত হোক—এটাই আমার নতুন বছরের একান্ত চাওয়া।

জেরিন চাকমা

নাট্যকলা বিভাগ

প্রকৃতির অভিমানের ফল ২০২০ সাল। নিঃসন্দেহে এই সালটা আমাদের অনেক ইতিবাচক শিক্ষা দিয়ে গেলেও আমরা থমকে গিয়েছি, আমরা স্থির হয়ে বসেছি, আমরা প্রিয়জনদের হারিয়েছি, বিষাদের সমুদ্রে ডুবেছি। তবে ২০২১ সালকে নিয়ে আমি আকাশচুম্বী প্রত্যাশা করছি। থমকে যাওয়া সময়ে সঞ্চারিত সব প্রাণ মুক্তি পাক। আমরা সবাই যেন আরেকটু মানুষ হওয়ার প্রচেষ্টায় সচেতন হই। আমরা যেন খাঁচায় বন্দি পাখিটার অনুভূতিকে উপলব্ধি করতে পারি। একজন মানুষকে শুধু মানুষ পরিচয়ে ভালোবাসতে পারার সুবোধ যেন এই নতুন বছরে আমাদের সবার মাঝে ফিরে আসে। নতুর বছর হবে সবার। বুক ভরে নিঃশ্বাস নেবে প্রতিটি প্রাণ।

তাজরিয়ান শিকদার

নৃবিজ্ঞান বিভাগ

‘মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—বাংলা হোক বা ইংরেজি হোক, নতুন বছর এলেই রবীন্দ্রনাথের গানের এই সুরগুলো যেন কানের কাছে বাজতে থাকে। ২০২০ সাল যেন বিষিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তাই ২০২১ সালে সবাই আশাবাদী নতুন কিছুর জন্য। মহামারির এই বছরে ঘরবন্দি জীবন থেকে মানুষ নতুন বছরে দেখতে চায় আশার আলো। নতুন বছরে আকাঙ্ক্ষা অনেকটা বেশি। পৃথিবী ভয়ঙ্কর মহামারি থেকে নিজেকে রক্ষা করে আবার তার সেই সবুজ সুন্দর রূপ ফিরে পাক—এমনটাই প্রত্যাশা। বন্দি খাঁচার পাখিকে মুক্ত করে দেওয়ার পর তার যে প্রশান্তি, সেই প্রশান্তির অপেক্ষায় আছি নতুন বছরে। এই বছরটিতে হারানোর বেদনা  হূদয়ে যেমন দাগ দিয়েছে, নতুন বছর যেন এতটাই শুভ হয়, যেন এই বেদনা নিমিষেই শেষ হয়ে যায়।