স্পোর্টস রিপোর্টার
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী করোনাকালে আয়োজক দেশের আম্পায়ার দিয়েই পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক সিরিজ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দ্বিপক্ষীয় সিরিজগুলোতে আম্পায়ারিং করছেন আইসিসির প্যানেলে থাকা স্বদেশি আম্পায়াররা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল।
সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। এই সিরিজটি বাংলাদেশের আম্পায়ারদের জন্যও একটি বড় মাইলফলক অর্জনের মঞ্চ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আইসিসির প্যানেলে থাকা বাংলাদেশের ম্যাচ রেফারি, আম্পায়াররাই সিরিজটি পরিচালনা করবেন। বিশেষ করে টেস্ট ক্রিকেট। এর আগে বাংলাদেশের কেউ টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেননি।
আইসিসির প্যানেলে থাকা বাংলাদেশের দুই ম্যাচ রেফারি হলেন নেয়ামুর রশীদ রাহুল ও আখতার আহমেদ শিপার। চার আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভীর আহমেদ আছেন আইসিসির প্যানেলে। বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে একমাত্র এনামুল হক মনিই আইসিসির ইমার্জিং প্যানেলে নাম লেখাতে পেরেছিলেন। সাবেক এই ক্রিকেটার এখন আম্পায়ারদের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। উইন্ডিজ সিরিজে বাংলাদেশের ম্যাচ রেফারি, আম্পায়াররা টেস্ট ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন, যেটিকে দেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন এনামুল হক মনি।
গতকাল জানতে চাইলে তিনি বলেছেন, ‘অবশ্যই সুযোগ। টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা সৌভাগ্যের ব্যাপার এবং বিরাট অর্জন, বিরাট সুযোগ। আমার মনে হয় বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা সুযোগ হতে যাচ্ছে। এখনো পর্যন্ত জানি যে স্বাগতিক আম্পায়াররাই আম্পায়ারিং করবে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা পারফরম্যান্সটা যদি ভালো করি, মাঠে এবং টিভিতে, তাহলে আমার মনে হয় বাংলাদেশি আম্পায়ারদের নিয়ে আইসিসির দ্বিতীয় চিন্তা আসবে যে আমাদের আম্পায়াররা ওপরে যাওয়ার যোগ্য।’